৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৩
শিরোনাম:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুয়ার আসরে অভিযানে আটক ছয়জন কারাগারে

সানজানা শ্রুতি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুয়ার আসর থেকে আটক বহিরাগত ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মতিহার থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত ছয় ব্যক্তি নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লুৎফর রহমানের নেতৃত্বে প্রক্টরিয়াল বডি, মহানগর পুলিশ এবং মতিহার থানা পুলিশ চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবে অভিযান চালায়। সেখান থেকে ১২জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে ছয়জন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং ছয়জন বহিরাগত। প্রক্টর লুৎফর রহমান ছয়জন কর্মচারীর মুচলেকা নিয়ে ছেড়ে দেন। মঙ্গলবার দুপুরে বহিরাগত ছয় ব্যক্তির বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়া হয়।
প্রক্টর অধ্যাপক লুৎফর বলেন, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণিরকর্মচারি ক্লাবে মাদক ও জুয়া খেলা হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রক্টরিয়াল বডি ও পুলিশকে সঙ্গে নিয়ে কর্মচারী ক্লাবে অভিযান পরিচালনা করি। এসময় জুয়া খেলার অপরাধে ১২জনকে আটক করে পুলিশ।
চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি ইমান হোসেন বলেন, ‘প্রক্টর ভুল তথ্যের ভিত্তিতে ক্লাবে অভিযান চালিয়েছেন। এখানে জুয়া খেলার সংশ্লিষ্টতা না পাওয়ায় আমাদের ক্লাবের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘প্রক্টর মুচলেকা নিয়ে আটকৃত বিশ্ববিদ্যালয়ের ছয় কর্মচারিকে ছেড়ে দিয়েছেন। বহিরাগত ছয়জনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!