৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১০
শিরোনাম:

হাওয়া ভবনেই ক্যাসিনোর জন্মস্থান, বললেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

ক্ষমতাসীনরা প্রতিটি ঘরকে ক্যাসিনো বা জুয়ার আসর বানিয়েছে গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের প্রেক্ষিতে ‘হাওয়া ভবনেই ক্যাসিনোর জন্মস্থান’ বলে পাল্টা মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাস্থ শ্যুটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ক্যসিনোতো হাওয়া ভবন থেকেই শুরু হয়েছে। কাজেই এ প্রশ্নের জবাব প্রথমে ফখরুল সাহেবকেই দিতে হবে। হাওয়া ভবনেই ক্যাসিনোর জন্মস্থান হাওয়া ভবন। এটা অনেকেই জানেন।’

‘মদ ও জুয়া বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিল। কিন্তু পরবর্তীতে সেই মদ জুয়ার প্রবর্তন করেছে বিএনপি সরকার। কাজেই এ কথা বলে লাভ নেই। তারা (বিএনপি) ব্যবস্থা নিতে পারেনি, আমরা ব্যবস্থা নিচ্ছি। খালেদা জিয়া যা পারেন নাই, শেখ হাসিনা তা পেরেছেন।’

মন্ত্রী আরো বলেন, ‘এই অভিযান শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সুনামগঞ্জ থেকে সুন্দরবন ও কুতুবদিয়া তেতুঁলিয়া সারা বাংলা যেখানে যত দুর্নীতিবাজ ও মাদকবাজ আছে সেখানে অভিযান চলবে। মাদক, দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি যারাই করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে চুনোপুটিই হোক আর রাঘব বোয়ালই হোক।

‘শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে। যতদিন না এসব অপকর্ম আমরা নির্মূল করতে না পারব এই অভিযান অব্যাহত থাকবে।’

এসময় আরো উপস্থিত ছিলেন, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ৯ম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার (সাভার) মেজর জেনারেল আকবর হোসেন, ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড এর ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল এসএম আনোয়ার হোসেন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স এর ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন প্রকল্পটি বাস্তবায়ন করে। ২০১৮ সালের ১ জানুয়ারি নির্মাণকাজ শুরু হয়ে ২০১৯ সালের ৩০ জুন সম্পন্ন হয়।

Loading