৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪২
শিরোনাম:

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিতে বিএনপি নেতা গিয়াস কাদেরের তিন বছর কারাদণ্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় করা দেশদ্রোহিতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সার এই রায় দেন।

এর আগে গত ২৮ অক্টোবর শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটিতে (সিআর মামলা- ১৪৪/১৮, ফটিকছড়ি) সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। পরে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।

২০১৮ সালে ২৯ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক আলোচনা সভায় বক্তব্য দেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘আপনার বাবার চেয়েও আপনার অবস্থা হবে’। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা করা হয়। শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

অভিযুক্ত গিয়াস উদ্দিন কাদের চৌধুরী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন তিনি। পরে তার মনোনয়ন বাতিল করা হয়।

Loading