আওয়ামী লীগের কোনো কমিটিতেই যেন বিতর্কিত ও অনুপ্রবেশকারীরা স্থান না পায় সেজন্য তালিকা করা হয়েছে। তালিকাটি কেন্দ্র থেকে শুরু করে জেলায় জেলায় নেতাদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, নেত্রী তার নিজস্ব কিছু লোক এবং গোয়েন্দা সংস্থার রিপোর্ট মিলিয়ে একটি তালিকা তৈরি করে পার্টি অফিসে পাঠিয়েছেন। আমি নিজেও আমার জেলার নেতাদের সাথে সেই বিতর্কিত তালিকা নিয়ে কথা বলেছি। আমরা এই ব্যাপারে সতর্ক, যাতে সেই তালিকায় থাকা বিতর্কিত ও অনুপ্রবেশকারী কাউন্সিলে কোনো ধরনের জায়গা না পায়। তিনি বলেন, বিতর্কিত কোনো ব্যক্তি যাতে বিভিন্ন পর্যায়ের সম্মেলনে বা কমিটিতে স্থান না পায়, সেজন্য আমরা সতর্ক রয়েছি। নেতাকর্মীদের সেভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় বিভিন্ন জেলা ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে গঠনতন্ত্র অনুযায়ী কমিটি করার নির্দেশনার কথা জানান ওবায়দুল কাদের। গঠনতন্ত্রে যেভাবে কমিটি করার দিক নির্দেশনা আছে সে অনুযায়ী কমিটি করতে হবে। এ ব্যাপারে জেলা পর্যায়ের নেতাদের কাছে নির্দেশনা যাবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সম্পাদক মণ্ডলীর সভায় উপস্থিত ছিলেন মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আবদুস সোবহান গোলাপ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শ ম রেজাউল করিম, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, দেলোয়ার হোসেন, শেখ আব্দুলাহ, আব্দুস সবুর, আমিনুল ইসলাম আমিন, ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।
![]()