ফরিদপুরের মল্লিকপুরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়কে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের প্রত্যেককে সরকারি ভাবে ২৫ হাজার টাকা করে বরাদ্ধ দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক অতুল সরকার।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার সকাল ৭ টার দিকে ফরিদপুর সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফরিদপুর জেলা ওলামা দলের সভাপতি ডা. শরিফুল ইসলাম, তার মেয়ে তাবাসসুম, বোনের মেয়ে তানজিলা, শ্যালিকা জাকিয়া সুলতানা, শরিফুলের বন্ধু পুলিশের উপ পরিদর্শক ফারুক হোসেন ও চালক নাহিদ হোসেন। এ সময় ডা. শরিফুল ইসলামের স্ত্রী রিম্মি গুরুতর আহত হলে প্রথমে তাকে ফরিদপুর মেডিকেলে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ডা. শরিফুল ইসলাম তার পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রো-বাস যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে খুলনা-গামী মামু পরিবহনের একটি বাস সামনে থেকে মাইক্রো-বাসটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যে বুঝা যাচ্ছে ঘন-কুয়াশা ও বাসের বেপরোয়া গতির কারনেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তিনি আরও বলেন, বাসটি জব্দ করা গেলেও এর চালক ও অন্যরা পালিয়ে যায়।
![]()