২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৮
শিরোনাম:

মুজিববর্ষ ঘিরে ঢাকার সব বাস সাজবে নতুন রঙে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজন মুজিববর্ষ সামনে রেখে ঢাকা শহরে চলাচলকারী সব বাসকে রঙিন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রঙচটা ও লক্কর-ঝক্কর ধরনের গাড়িগুলোকে দৃষ্টিনন্দনভাবে সাজিয়ে তারপর চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক সমিতি। সারা বাংলা

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, মুজিববর্ষ উদযাপন শুরু হতে যাচ্ছে আর কিছুদিন পরে। আমরা সিদ্ধান্ত নিয়েছি মুজিববর্ষ উপলক্ষে ঢাকা মহানগরে রঙচটা ও লক্কর-ঝক্কর কোনো গাড়ি চলবে না।

এছাড়া সভায় রাজধানীর সায়েদাবাদ, ফুলবাড়িয়া ও মহাখালী বাস টার্মিনালে জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার ঘড়ি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিবহন মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন বাবুর সভাপতিত্বে সভায় ঢাকার সব বাস টার্মিনাল মালিক সমিতি, রুট মালিক সমিতি, পরিবহন কোম্পানি ও শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব অনুযায়ী, ঢাকায় নিবন্ধিত বাসের সংখ্যা ২৯ হাজার ২৩৪টি। এর বেশিরভাগই রঙচটা। জরাজীর্ণ অবস্থায় চলে এসব বাস। শিগগিরই বাসগুলো রঙ করার কাজ শুরু হবে বলে জানান তারা।

Loading