৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

মঙ্গলবার থেকে মাঠে নামবে সেনাবাহিনী, ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি, অফিস বন্ধ

দেশব্যাপী করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সতর্কতামূলক বিষয় হিসেবে আগামীকাল থেকে মাঠে নামবে সশস্ত্রবাহিনী। জেলা ম্যাজিস্ট্রেটকে সহায়তার জন্য তারা নিয়োজিত থাকবে। সোমবার বিকালে করোনাভাইরাস নিয়ে সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। এর আগে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে, পুলিশ ও হাসপাতাল ছাড়া সব ধরনের সরকারি সেবা বন্ধ থাকবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২৬ মার্চ সরকারি ছুটি, এর সঙ্গে ২৭-২৮ তারিখ সাপ্তাহিক ছুটি রয়েছে। এর সঙ্গে ২৯ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে। ৩-৪ এপ্রিল আবার সাপ্তাহিক ছুটি রয়েছে। তবে ওষুধের দোকান, কাঁচাবাজার সব খোলা থাকবে।

গত ডিসেম্বরে চীনের উহান থেকে মহামারী আকারে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯৯ হাজার মানুষ। বাংলাদেশে এ পর্যন্ত তিনজন এ রোগে মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ৩৩ জন।

Loading