মনিরুজ্জামান সুমন চুয়াডাঙ্গা : আরটিভির আমেরিকার মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলালের চুয়াডাঙ্গার জীবননগরের গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যায় ডাকত দল।
গেল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার মিনাজপুর গ্রামে ৬-৭ জনের মুখোশধারী ডাকাতদল ঘরে ঢুকে তার পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় লক্ষাধিক টাকা স্বর্ণ ও রূপার গহণা এবং মোবাইল সেট লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
আরটিভির আমেরিকার মিশিগান অঙ্গরাজ্য প্রতিনিধি কামরুজ্জামান হেলালের ভাই হামিদুজ্জামান টিটু জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ৬-৭ জনের মুখোশধারী ডাকাতদল প্রাচিল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় তারা রান্না ঘরের গ্রীল কেটে ঘরের ভেতরে ঢোকে।
তিনি জানান, ফ্লাটের সব কয়টি রুমের দরজা খোলা থাকায় ডাকাত দল নির্বিঘ্নে ঘরে ঢুকে প্রথমে দুই ছেলে সাঈদ (২৪) ও তাজকে (১৬) বেঁধে ফেলে। পরে ডাকাতদল স্ত্রী ও তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং দুই ছেলেকে খুনের হুমকি দিয়ে ঘরের আলমিরাতে রাখা নগদ ১ লক্ষ ৫৬ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণের ও ১৬ ভরি রুপার গহণা এবং ৫টি মোবাইল সেট লুট করে তারা। মোট ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে তারা পালিয়ে যায় বলেও জানান তিনি। খবর পেয়ে রাতেই জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ওই ঘটনায় জীবননগর থানাতে একটি অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের দ্রুত গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!