২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৬
শিরোনাম:

ডিএনসিসিতে চিরুনি অভিযানে ৯৯ স্থাপনায় এডিসের লার্ভা, জরিমানা ৩ লাখ টাকা

এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) রোববার দ্বিতীয় দিনে চিরুনি অভিযানে ১৩ হাজার ২৯৯টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে। এর মধ্যে ৯৯টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৭৯৪টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময়ে ১৮টি মামলায় মোট ২ লাখ ৯৭ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

উত্তরা অঞ্চলে ১ হাজার ১৩১ টি বাড়ি ও স্থাপনা, মিরপুর অঞ্চলে ২ হাজার ৮৫৪টি, মহাখালী অঞ্চলে ১ হাজার ৪৯৮টি, মিরপুর-১০ অঞ্চলে ১ হাজার ৫৭২টি, কারওয়ান বাজার অঞ্চলে ২ হাজার ৯৪টি, হরিরামপুর অঞ্চলে ১ হাজার ৩৫৫টি, দক্ষিণখান অঞ্চলে ৯৪৬টি, উত্তরখান অঞ্চলে ৭৩৩টি, ভাটারা অঞ্চলে ৪৯৮টি এবং সাঁতারকুল অঞ্চলে ৬১৮টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে এডিস মশার লার্ভা পাওয়া গেলে বাড়ির মালিকদেরকে সতর্ক করে লার্ভা ধ্বংস করা হয়।

চিরুনি অভিযানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৬জন চিকিৎসক, ৯ জন কীটতত্ববিদ, ডিএনসিসির ৩ জন কীটতত্ববিদ এবং ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাগণ প্রত্যক্ষভাবে কাজ করছেন।

দীর্ঘমেয়াদি আধুনিক ব্যবস্থাপনার অংশ হিসাবে গতবারের মত এবারও এডিসের লার্ভা প্রাপ্তির স্থানসমূহ এবং প্রজনন উপযোগী পরিবেশসমূহের তথ্য অ্যাপে সংরক্ষণ করা হচ্ছে। সম্পাদনা : খালিদ আহমেদ

Loading