৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৪
শিরোনাম:

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ অবস্থানে : স্পীকার

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, মৎস্য চাষীদের কল্যাণ নিশ্চিতকরণে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। মৎস্য খাতকে আরো উন্নত করতে মৎস্য চাষীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করে তাদের জীবনমান উন্নয়নের চেষ্টা করতে হবে। দেশীয় পুষ্টির চাহিদা পূরণ করে অর্থনীতির চাকাকে সচল রাখতে মৎস্য খাতকে সমৃদ্ধকরণে সকলকে কাজ করতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে আজ শনিবার ২৫ জুলাই জাতীয় সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

চলমান করোনা পরিস্থিতির মাঝেও নিয়মিত কর্মকান্ডের অংশ হিসেবে এমন আয়োজনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরকে ধন্যবাদ জানান স্পীকার।

বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি ও চীফ হুইপ নূর-ই- আলম চৌধুরী এমপি উপস্থিত ছিলেন।

স্পীকার বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। নদীমাতৃক বাংলাদেশের বড় সম্পদ মাছের উৎপাদন আরো বৃদ্ধি করার মাধ্যমে অর্থনীতিকে আরো বেগবান করতে হবে।

পরে স্পীকার সংসদ ভবন লেকে মৎস্য পোনা অবমুক্তকরণ করেন। সংসদ ভবন লেকে চার প্রজাতির (রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস) ছয় হাজার আটশত আশি মাছের পোনা অবমুক্ত করা হয়।

মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোছলেম উদ্দিন আহমদ এমপি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশ জাতীয় সংসদের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Loading