৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৭
শিরোনাম:

আদেশ পেলেই ২৯ ইলেকট্রনিক ডিভাইস র‌্যাবের কাছে হস্তান্তর

সাতদিনের রিমান্ড শেষে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ৭ আসামিকে আদালতে এনেছে র‌্যাব। রামু থানার ওসি জানিয়েছেন, আদালতের আদেশের লিখিত কপি পেলে সিনহা ও তার সহকর্মীদের ২৯টি ইলেকট্রনিক ডিভাইস র‌্যাবের কাছে হস্তান্তর করা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে, সিনহার সহকর্মী শিপ্রার ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগে ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শিপ্রার আইনজীবী জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের বিরুদ্ধে মামলা করা হবে কি না, সে বিষয়ে তারা বসে সিদ্ধান্ত নেবেন।

সাত দিনের রিমান্ড শেষে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার সাত আসামিকে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয়। আসামিদের মধ্যে চারজন পুলিশ এবং তিনজন পুলিশের সাজানো মামলার সাক্ষী। এরপর বেলা ১২টার দিকে তাদের নেয়া হয় আদালতে।

র‌্যাব জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এখনই তাদের আর রিমান্ডে নেয়ার প্রয়োজন মনে করছেন না তারা।

এদিকে নীলিমা রিসোর্ট থেকে রামু থানার জব্দ করা সিনহা ও তার সহকর্মীদের ২৯টি ইলেকট্রনিক ডিভাইস আদালতের আদেশের কপি পেলে র‌্যাবের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওই থানার ওসি।

ওসি আবুল খায়ের বলেন, কালকে অফিসিয়াল অর্ডার হয়েছে, কিন্তু আমরা পাইনি, পেলে দিয়ে দেব। হাতে পেলে র‌্যাবে যোগাযোগ করবো।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত ছবি পোস্ট করে সিনহার সহকর্মী শিপ্রার মানহানির অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রিটকারী আইনজীবি মনোজ কুমার ভৌমিক বলেন, আদালতের মনঃপুত হয়নি। তিনি বলেছেন, এটা একটা ব্যক্তিগত ভুল।

এ বিষয়ে পরবর্তী করণীয় বসে ঠিক করা হবে বলে জানিয়েছেন শিপ্রার আইনজীবী।

শিপ্রার আইনজীবী বলেছেন, এই বিষয়ে এখনও আলোচনা হয়নি। আলোচনা হলে আমরা সিদ্ধান্ত নিয়ে পরে জানাবো।

এদিকে সিনহা হত্যা মামলার অন্যতম আসামি ওসি প্রদীপ কুমার সাহাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করতে না পারায় নির্ধারিত তারিখ ২৩ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

Loading