২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১২
শিরোনাম:

আশাশুনিতে রিংবাঁধ নির্মাণের ব্যবস্থা করলেন উপজেলা চেয়ারম্যান

বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি:  আশাশুনিতে ক্ষতিগ্রস্থ এলাকা রক্ষার জন্য রিংবাঁধ নির্মাণের ব্যবস্থা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বুধবার দুপুরে আশাশুনি সদর ইউনিয়নের বানভাসি এলাকা পরিদর্শন শেষে আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকাকে রক্ষার জন্য কেরানী মোড় থেকে হাড়ীভাঙ্গা বাজার পর্যন্ত সড়কে রিং বাঁধের কাজ তদারকির সময় তিনি বলেন, শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি বেড়ীবাঁধ ভেঙে যাওয়ায় সেখান থেকে প্রবল বেগে প্রবাহিত পানির তোড়ে আশাশুনি সদর ইউনিয়নের তিনটি ওয়ার্ড নতুন করে প্লাবিত হয়েছে।
এখন যদি সদর ইউনিয়নের কেরানীর মোড় থেকে হাড়ীভাঙ্গা বাজার পর্যন্ত রিং বাঁধ দেওয়া না হয় তাহলে সদর ইউনিয়ন, শোভনালী ইউনিয়ন ও কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্থ হবে। এজন্য এই রিং বাঁধটি দেওয়া অত্যন্ত জরুরী বিধায় আমি সদর ইউপি চেয়ারম্যানসহ সকলের সাথে পরামর্শ করে নতুন রিং বাঁধ নির্মাণের ব্যবস্থা করেছি। এসময় তিনি উপকূলের জনপদকে রক্ষার লক্ষ্যে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। রিং বাঁধের কাজ তদারকিকালে এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আওয়ামীলীগ নেতা বুদ্ধদেব সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!