পুরান ঢাকার হোসেনী দালানে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে বোমা হামলার ৫ বছরেও বিচারকার্য শেষ হয়নি। করোনা পরিস্থিতি এবং সাক্ষীদের অভাবের থমকে আছে সাক্ষ্য ও বিচার প্রক্রিয়া। তবে এই মামলায় রাষ্ট্রপক্ষের বর্তমান আইনজীবি আশাবাদী, করোনা পরিস্থিতি কেটে গেলে বিচার কার্য আবারও পুরোদমে শুরু হবে। তখন তারা বাকী সাক্ষীদেরও হাজির করতে পারবেন। ২০১৫ সালের ২৩ অক্টোবর প্রথম প্রহরে তাজিয়া মিছিলে হঠাৎ করেই তিনটি বোমা বিস্ফোরিত হয়। এতে আহত হন প্রায় অর্ধ শতাধিক মানুষ। এর মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Thank you for reading this post, don't forget to subscribe!মামলার বিষয়ে জানতে চাইলে রোববার আশুরার তাজিয়া মিছিলের সময় হোসেনী দালান ইমামবাড়ার তত্ত্বাবধায়ক এম এম ফিরোজ হোসেন সাংবাদিকদের বলেন, প্রার্থনা করি বিচার তাড়াতাড়ি শেষ হোক, জড়িতরা প্রাপ্য সাজা পাক।
কোভিড মহামারীর কারণে এবার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল হোসেনী দালান চত্বরেই হয়। সকাল ১০টায় বের হয় মিছিল।
সাংবাদিকরা ২০১৫ সালে বোমা হামলার বিষয়ে জানতে চাইলে ইমামবাড়ার তত্ত্বাবধায়ক বলেন, ২০১৫ সালে যে বোমা বিস্ফোরণ হয় সেটার বিচার অদ্যাবধি চলছে। এখনও এটা প্রক্রিয়াধীন আছে। ২০২০ সালে এসে আমরা আশা করি যাতে এই বিচার অতি তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং যারা এটা করেছে তাদের প্রাপ্য সাজাটা হোক। এই প্রার্থনা আমরা করি।
তিনি বলেন, আমরা এবার করোনায় জর্জরিত। আমাদের যে তাজিয়া মিছিলের ৪০০ বছরের ঐতিহ্য সেখানে কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছি করোনার কারণে। সরকারের নির্দেশনা মেনে এবার আমরা আশুরার মিছিল ভেতরেই করছি। আমরা আশা করি আগামীতে সেই পুরনো ঐতিহ্যে ফিরে যাব ইনশাআল্লাহ। তাজিয়া মিছিলে যা থাকে এবার তার সবকিছুই আছে। স্বাস্থ্যবিধি মেনেই আমরা সবকিছু করার চেষ্টা করছি। আমরা আমাদের মতো চেষ্টা করছি স্যানিটাইজ করে ভেতরে প্রবেশ করানোর জন্য, সবাই যাতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করে সেটা দেখছি।
তিনি বলেন, মিছিলের পর জিকির করা হবে। আমরা সেখানে দোয়া করবো যাতে তাজিয়া মিছিলের উছিলায় করোনা এই দেশ থেকে তাড়াতাড়ি বিতারিত হয়। আমরা যাতে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারি। মিছিলের পর ফাঁকা শিকনি হবে, সেটা দুটো-আড়াইটার দিকে শেষ হবে। আবার সন্ধ্যায় আরেকটি বড় বয়ান আছে, সেটার মধ্য দিয়ে রাত ১০টার দিকে আশুরার বিশেষ অনুষ্ঠানগুলো সম্পন্ন হবে।
তিনি আরও জানান, অন্যান্য বছরের মতো এবারও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা পেয়েছি, আমরা এ ব্যাপারে সন্তুষ্ট।
![]()