২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৫
শিরোনাম:

সিনহা হত্যা মামলার তিন সাক্ষী আবারো রিমান্ডে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে তৃতীয়বারের মত আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করে চারদিনের রিমান্ডের আবেদন করেন র‌্যাব।

রিমান্ডপ্রাপ্তরা হলেন, টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস।

শুনানী শেষে আদালত প্রত্যেকের বিরুদ্ধে তিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, একদিনের রিমান্ড শেষে আজ ওসি প্রদীপ কুমার দাশকেও আদালত হাজির করা হবে।

এর আগে গত ২০ আগস্ট প্রথম দফায় ৭দিন ও ২৫ আগস্ট দ্বিতীয় দফায় ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। সিনহা হত্যা ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র‌্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট পুলিশের দায়ের মামলার এ সাক্ষীদের গ্রেপ্তার করেছিল।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ি তল্লাশিকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর বাদী হয়ে টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটি মামলা করে পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত সাত পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মামলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

এদিকে গত ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন সিনহা মোহাম্মদ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলায় ৯ জনকে আসামি করা হয়।

Loading