ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস করপোরেশনের কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনবল সংকটসহ অনেক সমস্যার কথা বলেছেন। আমি খুব খুশি হতাম, যদি আপনারা বলতেন, ডিএসসিসি’র মর্যাদা ফিরিয়ে আনতে আপনারা নিরলসভাবে পরিশ্রম করবেন। আপনাদের কর্মক্ষেত্র তথা আপনাদের পেশার সম্মান ফিরিয়ে আনতে কাজ করে যাবেন। আপনারা কেউ সেটা বলেননি।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, আপনাদেরকে মনে রাখতে হবে, প্রতিকূলতা বিহীন কোন যাত্রা পথ নেই। সেটা যেমন জীবন সংগ্রামে আছে, তেমনি সকল যাত্রাপথেই প্রতিকূলতা থাকবে। কিন্তু সে প্রতিকূলতার কারণে কেউ কোন কিছু অর্জন করতে চেয়ে তা পারেনি, সেরকম নজির নেই। সকল প্রতিকূলতা অতিক্রম করেই অর্জন হয়ে থাকে। আমার সংস্থায় আমি ভিক্ষা করে চলতে চাই না।
মেয়র তাপস বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দেওয়ার পরে সেই যুদ্ধ বিধ্বস্ত অবস্থাতেই বলেছিলেন, আমি ভিক্ষুকের জাতি চাই না। আমি চাই বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হোক। আমার লক্ষ্য থাকবে, জাতির পিতার সেই স্বপ্ন ও প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে আমি ডিএসসিসিকে একটি স্বয়ংসম্পূর্ণ ও মর্যাদাশীল সংস্থা হিসেবে গড়ে তোলা।
রাজস্ব আদায় তদারকির লক্ষ্যে প্রতি তিন মাস অন্তর সকল কর্মকর্তাদেরকে নিয়ে পর্যালোচনা সভা করা হবে জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় আরও বলেন, এখন থেকে সকল উপ-কর কর্মকর্তারা প্রতিদিন কর কর্মকর্তাদের দৈনন্দিন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন। কে কোথায় কি কাজ করেছে, কত আদায় হয়েছে, আদায়ের লক্ষ্যমাত্রা কতটুকু অর্জিত হয়েছে ও কতটুকু হয়নি, এসকল তথ্যাদি প্রতিবেদনে থাকতে হবে। এরপর সকল কর কর্মকর্তারা সপ্তাহের প্রতি বৃহস্পতিবার প্রধান রাজস্ব কর্মকর্তার নিকট তাদের কাজের পরিপূর্ণ প্রতিবেদন দাখিল করবেন। কাজ করতে গিয়ে কোথাও কোনো সমস্যা হলে তা প্রধান রাজস্ব কর্মকর্তার মাধ্যমে আমাদেরকে অবহিত করবেন। আমরা চেষ্টা করব তার তাৎক্ষণিক সমাধান দিতে।
রাজস্ব আদায়ের চিত্র পরখ করে দেখতে যে কোনো সময় যে কোনো বাড়ি, স্থাপনা বা প্রতিষ্ঠান পরিদর্শনে যেতে পারেন জানিয়ে ডিএসসিসি মেয়র সতর্ক করে বলেন, কোথাও গিয়ে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, গাফিলতি পরিলক্ষিত হলে, সে সময় কোন অজুহাত চলবে না। তখন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
প্রধান রাজস্ব কর্মকর্তা আরুফুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে ডিএসসিসি’র নবনিযুক্ত প্রধান নিবার্হী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী বলেন, এটি একটি সেবামূলক সংস্থা। এই সংস্থাকে জনবান্ধব সংস্থায় পরিণত করতে আপনাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে, আমরা এই অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারব বলেই বিশ্বাস করি।
মঙ্গলবার নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসি’র আওতাধীন সকল কর কর্মকর্তা, উপ-কর কর্মকর্তা, ট্রেড লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার, বাজার সুপারভাইজার, রাজস্ব সহকারিসহ রাজস্ব বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর সাথে মতবিনিময় অনুষ্ঠানে শেখ ফজলে নূর তাপস এ মন্তব্য করেন। মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে সচিব আকরামুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা : খালিদ আহমেদ
![]()