৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫১
শিরোনাম:

বিএনপির আন্দোলনের হাক-ডাক আর তর্জন-গর্জনই শুধু শোনা যায়, বর্ষণ দেখা যাবে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকার হঠাতে চান। তারা কর্মসূচি আর আন্দোলনের ঘোষণা দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকে। তাদের হাক ডাক অনেক শুনেছে জনগণ। তারা আন্দোলন করে দলীয় অফিসের সামনে নিজ দলের নেতাকর্মীদের মাথা ফাটিয়ে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে বিএনপি প্রতি বছর ঈদের পরে আন্দোলন শুরুর ঘোষণা দেয়। কিন্তু জনগণ কত ঈদ যে পার করলো, আন্দোলন আর দেখে না। রাজপথ শূণ্যই থাকে। তাদের আন্দোলনের দ্বার রুদ্ধ করে তারা প্রেস ব্রিফিং এর মধ্যেই সীমাবদ্ধ। বিএনপির আন্দোলন পারস্পরিক অবিশ্বাস, কলহ, মিথ্যাচার আর নেতিবাচক রাজনীতির চক্রে আবদ্ধ। তাদের আন্দোলনের ডাক এখন মিথ্যাবাদী রাখালের গল্পের মতো।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরাতে না পারলে স্বাধীনতা রক্ষা করা যাবে না। বিএনপি মহাসচিবের এমন কথা শুনলে জনগণ এখন হাসে। তারা কাদের নিয়ে আন্দোলন করবে? এদেশের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে। দেশের প্রতিটি অর্জনের সঙ্গে মিশে আছে আওয়ামী লীগ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকার সেবা সহজিকরণে এবং গ্রাহকদের সুবিধার্থে দেশের যে কোন সার্কেল অফিস থেকে যানবাহনের ফিটনেস সনদ গ্রহনের সুযোগ সৃষ্টি করেছে। তাই বিআরটিএকে সত্যিকার অর্থেে সেবামূখি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

রোববার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Loading