২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩০
শিরোনাম:

করোনায় কেউ না খেয়ে মরা যায়নি, কিন্তু থালায় ভাতের পরিমাণ কমে গেছে: রাশেদ খান মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আরও বলেন, বাজারে চাল থাকলেও প্রতিদিনই দাম বাড়ছে। চাল কলের মালিকেরা সরকারি গুদামে চুক্তিমতো চাল দেয়নি, উপরন্তু হুমকি দিচ্ছে, তাদের জেলে দিলেও চাল দিতে পারবে না। করোনায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রবাসীরা খালি হাতে দেশে ফিরছে। কিছুদিন পর এদের বাজার দরে চাল কেনা সম্ভব হবে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারি সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। গুদামে যে চাল আছে তা দিয়ে কিছু দিনের জন্য প্রয়োজন মেটানো গেলেও, পুরোপুরি সম্ভব হবে না। সুতরাং করোনাকালে অথবা করোনা উত্তরকালে মানুষ সৃষ্ট আরেকটি দুর্ভিক্ষের অবস্থা যে সৃষ্টি হবে না, সেটি বলা যায় না। তাই দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কঠিন কিছু পদক্ষেপ নিতে হবে।

ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়, সদস্য রফিকুল ইসলাম সুজন, ছাত্রনেতা ফারুক আহমেদ রুবেল প্রমুখ।

সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে খাদ্যমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করে।

Loading