২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৭
শিরোনাম:

বাংলাবান্ধা এক্সপ্রেস উদ্বোধন করলেন রেলমন্ত্রী

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়-রাজশাহী রুটে নতুন মাত্রা যোগ করল বাংলাবান্ধা এক্সপ্রেস।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনে আন্তঃনগর এই ট্রেনটির উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। একই সঙ্গে তিনি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনের নবনির্মিত প্লাটফর্মের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় মন্ত্রী বলেন, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো এই রুটে আন্তঃনগর ট্রেন চালু। আওয়ামী লীগ সরকার এই দাবি পূরণ করেছে।  নতুন রেক না থাকায় আপাতত ট্রেনটি পুরাতন রেকে চলবে।  তবে শিগগিরই বিদেশ থেকে নতুন কোচ এনে রেক পরিবর্তন করা হবে।
মন্ত্রী জানান, ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনটি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে ছাড়বে সকাল সাড়ে ৮টায় এবং রাজশাহী পৌঁছাবে বিকাল সাড়ে ৫টায়।  আবার রাজশাহী থেকে ছাড়বে রাত ৯টা ১৫ মিনিটে এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে।
‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম থেকে সাপ্তাহিক বন্ধ শনিবার এবং রাজশাহী থেকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার বলেও জানান মন্ত্রী।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাজহারুল হক প্রধান, রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!