২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৩
শিরোনাম:

১ হাজার ৬ শত ৬৮ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১ হাজার ৬ শত ৬৮ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়নে প্রায় ১ হাজার ৫ শত ২৪ কোটি ৭৮ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে ঋণ হিসেবে আসবে ১৪৩ কোটি ৫১ লাখ টাকা।

Thank you for reading this post, don't forget to subscribe!

পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জানান, আজকের একনেক বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলো হলো− বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের “যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর ও শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী এর রানওয়ে সারফেসে অ্যাসফল্ট কংক্রিট ওভারলেকরণ” প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দু’টি প্রকল্প যথাক্রমে “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদমরসুল অঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন” প্রকল্প ও “মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত)” প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়ের “ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ” প্রকল্প।
কৃষি মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক-এর সভায় যোগ দেন। পরিকল্পা মন্ত্রী এম এ মান্নান করোনার কারণে অনুপস্থিত থাকায় একনেক সভা শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Loading