কিশোরগঞ্জের ডিসি ও এনডিসির আদালত অবমাননার বিষয়ে আদেশ
Rubel Sheikh, নভেম্বর ১৪, ২০২০ at ৩:২৩ অপরাহ্ণ
কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে হাজিরা দিয়েছেন। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্যক্তিগতভাবে হাজিরার পর বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেন। হাইকোর্টে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং কিশোরগঞ্জের ডিসি ও এনডিসির পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। জানা যায়, গত ২৯ অক্টোবর বিচারপতি বোরহানউদ্দিন পরিবারসহ এক সফরে কিশোরগঞ্জের ইটনায় যান এবং তিনি কিশোরগঞ্জ সার্কিট হাউজে ওঠেন।
৩০ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে সার্কিট হাউজের অক্ষরটি ছেড়ে আসার কথা ছিল তাদের। কিন্তু এর আগেই তাদের জন্য বরাদ্দ দেওয়া একটি কক্ষ খালি করে সেখানে অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামকে বরাদ্দ দেওয়া হয়। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই অতিরিক্ত সচিবকে একটি কক্ষ বরাদ্দ দেওয়ায় বিচারপতি জিনিসপত্র সরিয়ে অন্য পক্ষে রাখা হয়। এসময় বিচারপতি ও তার পরিবারের কেউই সেখানে ছিলেন না। বিচারপতি ও তাঁর পরিবার কক্ষে ফিরে দেখেন কক্ষটিতে তাদের মালামাল নেই। তাদের সময় শেষ হওয়ার আগেই সেখানে আরেকজন (অতিরিক্ত সচিব) অবস্থান করছেন।
এ অবস্থায় বিচারপতি ঢাকায় ফিরে ১ নভেম্বর তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ও এনডিসি মাহমুদুল হাসানকে তলব করেন। এদিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। আদেশ অনুসারে তারা বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন বলে জানান শাহ মঞ্জুরুল হক।
Thank you for reading this post, don't forget to subscribe!