৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৬
শিরোনাম:

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরে ঘটনায় গ্রেফতারকৃত ৪ জন কারাগারে

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরে ঘটনায় মাদ্রাসার দুই ছাত্র ও দুই শিক্ষককে আদালতে সোপর্দ করা হয়। পরে শুনানি না হওয়ায় তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ মামলায় যাদের গ্রেফতার দেখানো হয়েছে তারা হলেন: কুষ্টিয়া শহরের জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাসউদ (র.) মাদ্রাসার ছাত্র আবু বক্কর (১৯) ও মো. সবুজ ইসলাম নাহিদ (২০) মাদ্রাসার দুই শিক্ষক মো. আলামিন (২৭) ও মো. ইউসুফ আলী।

সোমবার (৭ ডিসেম্বর) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১) মো. রেজাউল করিম এ আদেশ দেন। এ সময় পুলিশ ওই দুই ছাত্রের ১০ ও দুই শিক্ষককে ৭ দিনের রিমান্ড আবেদন জানান। রোববার রাতে পৌরসভার সচিব কামাল উদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৫-এর ৩ ধারায় নাশকতা ও অন্তর্ঘাতমূলক অপরাধে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে ব্রিফিংয়ে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের ধরা হয়। এ ঘটনায় সরাসরি জড়িত আবু বক্কর এবং নাহিদ। আর তাদের এ ঘটনা জানতেন দুই শিক্ষক আলামিন এবং ইউসুফ।

এদিকে উগ্রবাদী, ধর্মান্ধ গোষ্ঠীর হামলায় কুষ্টিয়ায় ভেঙে ফেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়। সোমবার সকালে পৌরসভায় পাঁচ রাস্তার মোড়ে ভাস্কর্যের ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় স্থাপনে কাজ শুরু হয়। অপসংস্কৃতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাধারণ মানুষ। পৌরসভা কর্তৃপক্ষের তদারকিতে চলছে এ সংস্কার কাজ। দু-একদিনের মধ্যেই শিল্পীরা নিখুঁতভাবে সাজিয়ে তুলবেন ভাস্কর্যটি।

এদিকে ভাস্কর্য সংস্কারের কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ। একই সঙ্গে ভাঙচুরের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পুলিশ বলছে, ঘটনার নির্দেশদাতাদের খুঁজে বের করতে কাজ চলছে।

একই সময়ে, পৌরসভা চত্বরে বঙ্গবন্ধুর অপর দুটি ভাস্কর্য নির্মাণের কাজও চলছে পুরোদমে। এরপর শুরু হবে জাতীয় চার নেতার ভাস্কর্য তৈরির কাজ। কাজ শেষ হলে, এগুলোও পাঁচ রাস্তা মোড়ে স্থাপন করা হবে। ১৬ ডিসেম্বরের মধ্যেই পুরো ভাস্কর্য প্রস্তুত হবে বলে জানান পৌর মেয়র।

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মাথায় গত ১৩ নভেম্বর বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতার ভাস্কর্য নির্মাণের কাজ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। গত শুক্রবার গভীর রাতে দুই যুবক গিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেয় ডানহাত ও মুখাবয়ব। সিসিটিভি ফুটেজ দেখে জড়িত দুই মাদ্রাসাশিক্ষার্থীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

Loading