২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২১
শিরোনাম:

জমি নিয়ে বিরোধের জেরে মোটরসাইকেলের চাবি ঢুকিয়ে চোখ খুঁচিয়ে তোলা হয় সোহাগের

বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে মোটরসাইকেলের চাবি দিয়ে খুঁচিয়ে সোহাগ খান নামে এক যুবকের দুই চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করায় যুবকের পরিবারকে দেওয়া হচ্ছে হুমকি।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সোহাগ ও তার  পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছে।

দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে পরিবারের সদস্যরা। এদিকে পুলিশ বলছে, গ্রেফতার করা হয়েছে দুইজনকে। নেওয়া হবে যথাযথ আইনগত ব্যবস্থা।

তারা আরও জানান, নগরীর হাটখোলা কসাইখানা এলাকায় গত ৪ ডিসেম্বর একটি হোটেলে সকালের নাস্তা খাবার সময় সোহাগের ওপর হামলা চালানো হয়। জন সম্মুখে সোহাগকে চারজনে চেপে ধরে। এরমধ্যে একজন মোটরসাইকেলের চাবি দিয়ে খুঁচিয়ে দুই চোখ নষ্ট করে দেয়। গুরুতর অবস্থায় প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউটে পাঠান। আঘাতের কারণে সোহাগ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে।

নগরীর হাটখোলা হকার্স মার্কেট এলাকায় সরকারিভাবে বরাদ্দকৃত ৩ শতাংশ খাস জমি নিয়ে ওই এলাকার মোবারক সিকদার ও তার চার ছেলের সাথে সোহাগ ও তার পরিবারের বিরোধ চলছিল। এরই জের ধরে সোহাগের ওপর হামলা করে চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ করা হয়।

এ ঘটনায় চারজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন সোহাগের ভাই মাসুম খান। আসামিদের মধ্যে দুইজনকে পুলিশ গ্রেফতার করলেও তারা জামিনে মুক্তি পেয়ে হুমকি-ধমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, এ ঘটনায় ৪ ডিসেম্বর থানায় একটি মামলা দায়ের হয়। দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। বাকী দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Loading