২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৮
শিরোনাম:

কিশোরগঞ্জ পৌরসভার বন্ধকৃত ভোটকেন্দ্রে পুনঃভোট ৩০ জানুয়ারি

কিশোরগঞ্জ পৌরসভার বন্ধকৃত ভোটকেন্দ্রে আগামী ৩০ জানুয়ারি, ২০২১ তারিখ (শনিবার) পুনঃভোটগ্রহণ হবে। ভোটকেন্দ্রটি হচ্ছে ওয়ালীনেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্র। সোমবার (২৫ জানুয়ারি) রাতে বিষয়টি জানিয়েছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম। গত ১৬ জানুয়ারি কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে পৌরসভার ২৮টি কেন্দ্রের মধ্যে শহরের ওয়ালীনেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্রে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং একপর্যায়ে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেছিলেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।

Thank you for reading this post, don't forget to subscribe!

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনের স্থগিত কেন্দ্রটি বাদে ২৭টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি প্রাথমিক ফলাফলে মেয়র পদে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো. পারভেজ মিয়া (নৌকা)। রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত এই ফলাফলে মোট ২৮টি কেন্দ্রের মধ্যে ২৭টি কেন্দ্রে পারভেজ ৪৮৪ ভোট এগিয়ে রয়েছেন। অন্যদিকে স্থগিত ওয়ালীনেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্রে ভোটার সংখ্যা ১৮৫২ জন। ফলে ওই কেন্দ্রে পুনঃনির্বাচনের ফলাফলের উপর নির্বাচনে জয়-পরাজয় ঝুলে রয়েছে।

রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম সাক্ষরিত মেয়র পদে বেসরকারি প্রাথমিক ফলাফলে ২৭টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো. পারভেজ মিয়া (নৌকা) পেয়েছেন ২০ হাজার ৯২২ ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসরাইল মিঞা (ধানের শীষ) পেয়েছেন ২০ হাজার ৪৩৮ ভোট।

মেয়র পদে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. নজরুল ইসলাম (হাতপাখা) এক হাজার ৭২৩ ভোট, এবং ন্যাশনাল পিপলস্ পার্টি প্রার্থী মো. স্বপন মিয়া (আম) ১৫১ ভোট পেয়েছেন। ২৭টি কেন্দ্রে মোট ৪৪ হাজার ২৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৬৯টি ভোট বাতিল হয়েছে এবং বাকি ৪৩ হাজার ৫৯৮ ভোট বৈধ হয়েছে। প্রদত্ত ভোটের শতকরা হার ৬২.৩১।

Loading