৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫২
শিরোনাম:

‘সে নো টু অনলাইন হ্যারেসমেন্ট’ এ স্লোগান নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভাইরাল গার্ল’

‘সে নো টু অনলাইন হ্যারেসমেন্ট’ এ স্লোগান নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভাইরাল গার্ল’। কাজল আরেফিন অমির পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও মনোজ প্রামাণিক। গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে নাটকটি।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রকাশের পর ‘বাংলা নাটক’ গ্রুপসহ বিভিন্ন মাধ্যমে আলোচনায় এটি। সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রল, নেগেটিভ কিছু ছড়ানোর প্রতিক্রিয়া কী হতে পারে সেটাই গল্পে তুলে ধরেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

নারীপ্রধান গল্পের এ নাটকে দেখা গেছে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন নাজিয়া অর্থাৎ মেহজাবীন। পার্লার থেকে সেজে যাওয়ার পথে শিকার হন দুর্ঘটনার। মিথ্যা অপবাদ দিয়ে তাকে মারধর করে কয়েকজন। মারধরের ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। চাকরি হারান মেহজাবীন। নাটকের শেষে জানা যায় ফেক আইডির মাধ্যমে অনলাইনে প্রতারণা করে একটি চক্র। পুলিশের হাতে ধরা পড়ে ওই চক্রের সদস্যরা। উদঘাটন হয় সত্য ঘটনার। কিন্তু ততক্ষণে নিভে যায় বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া নাজিয়ার প্রাণ।

বাস্তবধর্মী গল্পের এ নাটকটি লুফে নিয়েছেন দর্শকরা। কমেন্টস বক্সের মন্তব্যই তার প্রমাণ। আমেনা ফেরদৌস নামে একজন লিখেছেন, ‘আত্মহত্যা নয়, আত্মমর্যাদা ফিরিয়ে আনার লড়াই করুন।’ মাহমুদা মিতু লিখেছেন, ‘নাটকটি দেখে আমি বাকরুদ্ধ। মেহজাবীনের অভিনয়, ব্যবহার, সংলাপ অসাধারণ।’ আহমেদ মাহিম লিখেছেন, ‘অসম্ভব সুন্দর, অনেক দিন পর এ রকম কোনো শিক্ষণীয় নাটক দেখলাম।’

আবুল হোসাইন নামে একজন লিখেছেন, ‘আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বলছি, আমার দেখা সময়ের সেরা নাটক। বাংলা নাটক দেখছি ৩-৪ বছর ধরে। এই নাটকটি সময়ের সেরা নাটক।’ মিরন লিখেছেন, ‘এমন দারুণ বার্তা। নারী দিবসেও এই শিক্ষণীয় নাটকটা উপস্থাপন করা হোক।’ ওদিকে ‘বাংলা নাটক’ গ্রুপেও চলছে ‘ভাইরাল গার্ল’ নিয়ে আলোচনা।

ছবি: ‘ভাইরাল গার্ল’ নিয়ে নেটিজেনদের মন্তব্যের স্ক্রিনশট।

সাদ আহমেদ নামের একজন গ্রুপে লিখেছেন, ‘বর্তমান কিছু গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু নিয়ে নির্মিত ‘ভাইরাল গার্ল’। ভক্ত থেকে সমালোচক সবারই প্রশংসা কুড়িয়েছেন নামভূমিকায় অভিনয় করা মেহজাবীন। তা ছাড়া অনেক নাট্যব্যক্তিত্ত্বও পোস্ট দিয়ে নাটকটির প্রশংসা করেছেন। এ সকল ভিন্নধর্মী গল্প প্রশংসা কুড়ালেও সাধারণত ইউটিউব ভিউয়ের অনুপাতে কিছুটা পিছিয়ে থাকে। তবে ‘ভাইরাল গার্ল’ নাটক পেয়েছে আলোচনার পাশাপাশি ভিউও। আলোচনার পাশাপাশি বেশিসংখ্যক দর্শক দেখলে পরিচালক এবং প্রযোজক উভয়েরই আগ্রহ বাড়বে ভালো এবং ভিন্নধর্মী গল্পের প্রতি। এভাবেই এগিয়ে যাক বাংলা নাটক।’

‘ভাইরাল গার্ল’ নাটকটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেশন। পরিচালনার পাশাপাশি এটির রচনা ও চিত্রনাট্য করেছেন কাজল আরেফিন অমি। মনোজ-মেহজাবীন ছাড়া এতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, মিলি বাশার, রাজু সরকার, রকি খান, রত্না খান প্রমুখ।

 

Loading