২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২২
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ার এক প্রভাষককে মারধর ও লাঞ্ছিত করেছে এক যুবক, মামলা নেয়নি পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কামাল উদ্দিন (৫০) নামে এক প্রভাষককে মারধর ও লাঞ্ছিত করেছে এক যুবক। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আহত কামাল উদ্দিন আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের প্রভাষক ও আখাউড়া পৌর শহরের রাধানগর কলেজ পাড়ার মৃত আলাউদ্দিনের ছেলে। ঘটনার পর রাতেই ওই শিক্ষক আখাউড়া থানায় অভিযোগ করেছেন। তবে এখনও অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়নি। এদিকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন তারা।

লিখিত অভিযোগে কামাল উদ্দিন জানান, তিনি গত ২০ বছর ধরে আখাউড়া স্মৃতি ডিগ্রি কলেজে সমাজ কর্ম বিভাগে শিক্ষকতা করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি কলেজের সামনে একটি খাতা-কলম সহ একটি কনফেকশনার দোকান পরিচালনা করেন।

অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি রাধানগরের কলেজপাড়ার মৃত মুখলেছুর রহমানের ছেলে রাইদুর রহমানের বাড়ির পাশে আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান খোলার চেষ্টা করছেন তিনি। এ ঘটনায় রাইদুর রহমান তাকে ওই স্থানে দোকান বসাতে নিষেধ করেন। তার বাধা-নিষেধ উপেক্ষা করে কামাল উদ্দিন ব্যবসা প্রতিষ্ঠান খোলার চেষ্টা অব্যাহত রাখেন। এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে রাইদুর রহমান কামাল উদ্দিনের কলেজের সামনের দোকানে প্রবেশ করে তাকে গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে রাইদুর তার দোকান ভাঙচুর শুরু করে তার ওপর হামলা করেন। এসময় কামাল উদ্দিন চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে গিয়ে রাইদুরকে ফিরিয়ে নিয়ে যান। এ ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

হামলার ঘটনার পর গতকাল রাত ১২ টার দিকে হামলার শিকার প্রভাষক থানায় অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেননি থানা পুলিশ। এ ঘটনায় তিনি হামলাকারীর গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন জানান, এ ব্যপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading