৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৩
শিরোনাম:

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর পোস্টারে ছেয়ে গেছে সিলেট নগরী

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর পোস্টারে ছেয়ে গেছে সিলেট নগরী। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন স্থানে ‘খিলাফত রাষ্ট্র ধ্বংসের একশ বছর’ শিরোনামে সংগঠনটির পোস্টার সাঁটানো দেখা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সরেজমিন দেখা যায় নগরীর আম্বরখানা, দর্শন দেউড়িসহ বিভিন্ন স্থানে হিযবুত তাহরীর পোস্টার লাগানো। এসব পোস্টারে বিশ্বের একশ শহর থেকে খিলাফত প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

পোস্টারে উল্লেখ করা হয়, খিলাফত রাষ্ট্র ধ্বংসের একশ বছর। বিশ্বের একশ শহর থেকে মুসলিম উম্মাহের প্রতি হিজবুত তাহরীর আহ্বান- খিলাফত প্রতিষ্ঠা করুন। পোস্টারে আরও উল্লেখ করা হয়, অতঃপর আবার আসবে খিলাফত, নবুয়্যতের আদলে… আহ্বানে- হিজবুত তাহরীর উলাইয়াহ বাংলাদেশ।

এসব পোস্টার কে বা কারা কখন-কীভাবে লাগিয়েছে তা জানা যায়নি। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ পোস্টার লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এ ঘটনার পর থেকে সিলেটের সাধারণ নাগরিকসহ সুশীল ও আলেম সমাজের মাঝে উদ্বেগ বিরাজ করছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, নিষিদ্ধ সংগঠনগুলোর অপ-তৎপরতার বিষয়ে সিলেটে পুলিশ সর্বদাই তীক্ষ্ণ নজর রাখে। তাদের যে কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড বা তৎপরতা শক্তভাবে দমন করে আসছে পুলিশ। খোঁজ নিয়ে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Loading