২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৬
শিরোনাম:

প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভে পুলিশের বাধা (ভিডিও)

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচারসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জোটের নেতাকর্মীরা সোমবার এই কর্মসূচি পালন করছেন।

কর্মসূচির অংশ হিসেবে জোটের নেতাকর্মীরা বেলা ১২টার পর মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হলে হাইকোর্ট মোড় পার হয়ে পুলিশি বাধার মুখে পড়ে। এ অবস্থায় সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

একজন লেখকের কেন মৃত্যু হলো এবং তার তদন্ত করতে হবে মূলত সেই দাবি নিয়েই আন্দোলন করছেন বিক্ষোভকারীরা।

এর আগে শনিবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি পালনের ঘোষণা দেয় প্রগতিশীল ছাত্রজোটের নেতৃবৃন্দ।

তাদের অন্যান্য দাবিগুলো হলো- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে এই আইনে গ্রেপ্তারদের অবিলম্বে মুক্তি দেওয়া এবং শুক্রবার সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিলে গ্রেপ্তারদের নিঃশর্তে মুক্তি দেওয়া।

এদিকে কারাগারে লেখক মুশতাকের মৃত্যু ও প্রেসক্লাবে ছাত্রদলের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা সোমবার (১ মার্চ) দুপুরে নগরীর টেকনিক্যাল মোড় থেকে মিছিল নিয়ে শ্যামলী মোড় প্রদিক্ষণ করে আবার টেকনিক্যালে গিয়ে মিলিত হয়। এছাড়াও মিছিল করেছে তেজগাঁও কলেজ শাখা ছাত্রদল।

গত ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে লেখক মুশতাক আহমেদ কাশিমপুর কারাগারে মারা যান। তিনি র‌্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক ছিলেন। গত বছরের মে মাস থেকে গুরুতর অসুস্থ মুশতাক আহমেদ কারাবন্দী ছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

Loading