বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গত রাতে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ ঢাকা জেলা ছাত্রদলের সদস্য সজীব রায়হানকে বাসায় না পেয়ে তার তিন ভাই জুয়েল, সোহেল ও সুমনকে সম্পূর্ণ অন্যায়ভাবে ধরে নিয়ে গেছে। এটা নাৎসীবাদের চরম বহিঃপ্রকাশ।
Thank you for reading this post, don't forget to subscribe!রুহুল কবির রিজভী বলেন, এই ঘটনা আওয়ামী গেস্টাপো বাহিনীর আরেকটি নির্মম ও দুঃসহ দৃষ্টান্ত। একদিকে বিক্ষোভ বানচাল করার জন্য উন্মত্ত পুলিশের বেপরোয়া লাঠিপেটায় রক্তাক্ত করা, অন্যদিকে গ্রেফতার করে নির্যাতনে যে ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে তা নজীরবিহীন।
তিনি বলেন, ক্ষমতার উন্মাদনার মধ্যে থাকতে চায় বর্তমান আওয়ামী সরকার। বোধ, বুদ্ধি, বিবেচনা, মানবিকতা সকল কিছু বিসর্জন দিয়ে এক নিষ্ঠুর মাফিয়াতন্ত্র কায়েম করেছে তারা। আওয়ামী সরকার গণতন্ত্রের গলা টিপে মনুষ্যবিহীন বিরান ভূমিতে রাজত্ব করতে চাইছে।
রিজভী আরও বলেন, এই অবৈধ শাসকগোষ্ঠীর রক্তমাখা হাত এদেশের জনগণের দ্রোহাগ্নির তাপে পুড়ে যাবে। তাদের নির্মিত সন্ত্রাসের শৃঙ্খল ভেঙ্গে ফেলার জন্য ছাত্র-জনতা রাজপথেই অবস্থান নিবে, গৃহে ফিরে যাবে না। যারা প্রতিহিংসার মনোভাব নিয়ে রাষ্ট্রক্ষমতা দখলে রাখে তাদের পতন অবশ্যম্ভাবী। বহুদিন ধরে চলে আসা এই হিংস অবিচার মানুষ আর সহ্য করবে না। সকল নির্যাতন সহ্য করেই ছাত্র-জনতা রাজপথে থাকবে।
মঙ্গলবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী একথা বলেন।
![]()