৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৬
শিরোনাম:

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চান ড. কামাল হোসেন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন শনিবার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা সংশোধন নয়, আইনটি বাদ দেয়ার পক্ষে। বাক স্বাধীনতা, চিন্তা করার স্বাধীনতাকে যেভাবে আঘাত দেয়া হচ্ছে সেখান থেকে আমাদের পুরোপুরি সমাজকে মুক্ত করা দরকার।’

Thank you for reading this post, don't forget to subscribe!

আইনমন্ত্রী আনিসুল হক ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে কথা চিন্তা করছেন-গণমাধ্যমে এমন সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা এক সংবাদ সম্মেলনে গণফোরাম সভাপতি এ কথা বলেন।

লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, ‘আজ যারা নিজেদের নির্বাচিত দাবি করে দেশ শাসন করছে তাদের প্রতি জনগনের আস্থা, বিশ্বাস ও সমর্থন নেই। জনবিচ্ছিন্ন এই সরকার জনগণকে ভয়ভীতি প্রদর্শন করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার অপকৌশল হিসেবে বিভিন্ন কালা কানুন জারি করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন তারই অংশ।’

দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘ত্রিশ লাখ শহীদের রক্তে ও দুই লাখ নির্যাতিত মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ নতজানু নীতি গ্রহণ করেছে। আজ গণতন্ত্র ও আইনের শাসনের পরিবর্তে দুর্নীতি ও দুঃশাসনের স্বর্গ রাজ্য গড়ে উঠেছে। জনগণের পিঠ দেওয়ালে ঠেকেছে। সামনে অগ্রসর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। এই রাজনৈতিক অব্যবস্থাপনা ও অর্থনৈতিক লুণ্ঠনের বিরুদ্ধে নীতি ও আদর্শের ভিত্তিতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’

চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ‘দুর্নীতিবাজ রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত অশুভ সিন্ডিকেট’ দায়ী বলে মন্তব্য করেন কামাল হোসেন।

গণফোরাম সভাপতি জানান, হোসেন শহীদ সোহরাওয়ার্দি, শের-ই বাংলা একে ফজলুল হক, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শের ভিত্তিতে গণফোরাম জনগণকে ঐক্যবদ্ধ করতে আগামী রমজান মাসে সারাদেশে গণসংযোগ শুরু করবে।

গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া পদত্যাগের পর সাধারণ সম্পাদকের দায়িত্বে কে জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, এখন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওম শফিকউল্লাহ। উনি খুব পরিচিত লোক।

জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে গণফোরামের আয়োজনে এই সংবাদ সম্মেলনে ড. কামাল হোসনের লিখিত বক্তব্য পাঠ করেন সংসদ সদস্য মোকাব্বির খান। প্রায় এক বছর পর বাসার বাইরে এসে এই প্রথম সংবাদ সম্মেলন করলেন ড. কামাল।

এসময় আওম শফিকউল্লাহ, মোশতাক আহমেদ, জানে আলম, সুরাইয়া বেগম ও সেলিম আকবার উপস্থিত ছিলেন।

 

Loading