২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৪
শিরোনাম:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : ওবায়দুল কাদের

নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেছেন, কোম্পানীগঞ্জে বিশৃঙ্খলার সাথে যারাই জড়িত থাকুক, তাদের পরিচয় না দেখে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।

ওবায়দুল কাদের আজ বিকেলে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের নিহত আলাউদ্দিন ও এর আগের ঘটনায় সাংবাদিক মোজাক্কিরের মৃত্যুতে গভীর শোক ও তাদের পরিবার- পরিজনের প্রতি সমবেদনা জানান।

এ ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইতোমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইজিপি, র্যাবের ডিজি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে। আইন সমানভাবে প্রযোজ্য, ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অভিযান চলছে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনকে কারো অপকর্মের জন্য ম্লান হতে দিতে পারি না। এ দুঃখজনক ঘটনার বিচার কাজ তদন্ত করে রিপোর্ট গঠনের জন্য নোয়াখালী জেলা আওয়ামী লীগকে নির্দেশনা দেওয়া হয়েছে, রিপোর্ট এলে কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

ওবায়দুল কাদের কোম্পানীগঞ্জের জনগণকে পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য ধারণ এবং সরকারকে সহযোগিতা করার আহবান জানান।

প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে ৭ ই মার্চের আওয়ামী লীগের আলোচনা সভায় মিথ্যাচার করেছেন- বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী মিথ্যাচার করেননি বরং জাতির সামনে ইতিহাসের প্রমাণিত সত্য তুলে ধরেছেন।

তিনি বলেন, বিএনপি কখনো সত্য শুনতে চায় না, তাই ঐতিহাসিক সত্য প্রকাশে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।

জিয়াউর রহমান ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ শুরু হতো না-বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, তার এই বক্তব্যও স্বাধীনতার ইতিহাস বিকৃতির শামিল।

এ ধরনের মিথ্যাচার বিএনপির রাজনৈতিক সংস্কৃতিরি অংশ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপি জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার ঘোষণা আর ঘোষণা পাঠ করা এক কথা নয়।পাঠক কখনো ঘোষক হতে পারে না।

ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা পাঠ কারীদের মধ্যে একজন।

এসময় তিনি জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক বলেও মন্তব্য করেন।

Loading