৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৪
শিরোনাম:

ফেসবুকে বিদেশি বন্ধু সেজে ৮৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৪

দেশে বসেই বিদেশি বন্ধু সেজে অনলাইনে প্রতারণার মাধ্যমে ৮৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্রে। চক্রটি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইনে প্রতারণা করছিল। প্রতারণার শিকার একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদি ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন- সাইফুল ইসলাম আরিফ (৩২), ওমর ফারুক রনি (৪০), আনিছুর রহমান (২৬) ও শহিদুল ইসলাম সোহেল (৩৬)।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার দুপুরে রাজধানীর মালিবাগের সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, আতিকুর রহমান নামের একজন ভুক্তভোগীকে বিদেশি পরিচয় দিয়ে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব করে উপহার হিসেবে পার্সেলে ইউএস ডলার পাঠানোর কথা বলে চক্রের সদস্যরা। একপর্যায়ে আতিকুর রহমানের সম্মতি পেয়ে উপহারটি তার নামে বিমানবন্দরে পাঠানোর কথা বল চক্রটি। পরে তাদের সহযোগী কথিত কাস্টমস অফিসার আতিকুরকে ফোনে পার্সেল আসার কথা এবং সেই পার্সেল স্ক্যান করে বিপুল ইউএস ডলার আছে জানায়। তারা পার্সেল সংগ্রহ, লিগালাইজেশন, ইন্টারন্যাশনাল মর্টগেজের কথা বলে ব্যাংক একাউন্টের মাধ্যমে মোট ৬ লাখ ৭৩ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে সিআইডির এই কর্মকর্তা জানান, চক্রটি ভুক্তভোগী আতিকুর ছাড়াও বেশ কয়েকজনের কাছ থেকে যৌথ ব্যবসার মূলধন সংগ্রহ ও বিদেশে চাকরি দেওয়ার নামে প্রায় ৮২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তারা হারুন অর রশিদ কামাল, জসিম সিকদার, হৃদয় আহমেদ, মহসিন, ওসমান গণি, আয়েশা আক্তার রত্না, রেহানা আক্তার, মাহমুদুল হাছান, হালিম, কাউছার হাসানসহ আরও কয়েকজন সহযোগীর কথা জানিয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল ও লালবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা দুটি মামলায় আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি।

Loading