২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০২
শিরোনাম:

একদিনে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় সোয়া কোটি টাকা

কঠোর লকডাউন ঘোষণার পর থেকে রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ। এতে চাপ বেড়েছে উত্তর বঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও। বঙ্গবন্ধু সেতু দি‌য়ে গত ২৪ ঘণ্টায় পার হয়েছে ৩০ হাজার পরিবহন। এতে টোল আদায় হ‌য়ে‌ছে সোয়া কোটি টাকা। যা স্বাভাবিক সময়ের দ্বিগুণ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এছাড়া পণ্যপরিবহনে নিয়োজিত ট্রাক, পিকআপ, মাইক্রো, ব্যক্তিগত কার ও মোটরসাইকেলের আধিক্য থাকলেও বিপুলসংখ্যক যাত্রীবাহী বাস পারাপার হয়েছে বলে নিশ্চিত করেছে সেতু কর্তৃপক্ষের একাধিক সূত্র।

এদিকে সকাল থেকেই ঘরে ফেরা মানুষের চাপে মহাসড়কে বেড়েছে অতিরিক্ত যানবাহনের চাপ। মালবাহী ট্রাকসহ খোলা ট্রাকে, পিকআপ, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়িতে ফিরছেন যাত্রীরা। এদিকে ব্যক্তিগত গাড়িতে যাত্রী পরিবহন করায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সংক্রমণ ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন তারা।

অন্যদিকে দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধের ঘোষণা থাকলেও মানছেন না অনেক পরিবহন চালক।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ওসি ইয়াসির আরাফাত বলেন, যে সমস্ত বাস মহাসড়কে আটকা পড়েছিল তারা নিজ নিজ ডিপো বা টার্মিনালে পার্কিং করার জন্য যাচ্ছে। এসব বাসে কোনো যাত্রী পরিবহন করতে পারবে না।

তিনি আরো বলেন, মহাসড়ক থেকে কোনো প্রকার যাত্রী যেন পরিবহন না করতে পারে সেজন্য মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এরপরও কিছু বাস গভীর রাতে চুরি করে চলাচল করার চেষ্টা করেছে; তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Loading