৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৮
শিরোনাম:

রোজিনার সঙ্গে যদি অন্যায় আচরণ হয় অবশ্যই সেটি নিন্দনীয়: তথ্যমন্ত্রী

রোজিনা ইসলামের বিষয়ে নিরপেক্ষ তদন্তের ব্যাপারে তথ্য মন্ত্রণালয় সজাগ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তার সঙ্গে কোনো অন্যায় আচরণ করা হলে তা অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (২৩ মে) দুপুরে সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অর্থাৎ মামলাটি ডিবিতে গেছে, সুতরাং তদন্তের মাধ্যেমে সত্যটা বেরিয়ে আসবে কী ঘটেছিল সেদিন। আর তার সঙ্গে কোনো অন্যায় আচরণ করা হলে সেটিও তদন্তে আসবে। তার সঙ্গে যদি কোনো অন্যায় আচরণ করা হয়ে থাকে সেটি অবশ্যই গ্রহণযোগ্য নয় নিন্দনীয়।

দুপুরে অফিসিয়াল সিক্রেটস আইন-১৯২৩ এ করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম।

এদিকে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, এ বিষয়ে তাদের কিছু করার নেই। একই সঙ্গে এ মামলার তদন্তে যাতে কোনোভাবেই প্রভাবিত না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান আইনমন্ত্রী।

অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে স্বাস্থ্যসেবা বিভাগের করা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলায় দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে ৫ হাজার টাকার বন্ডে জামিন দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। আদেশে তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

এর আগে গত বৃহস্পতিবার (২০ মে) রোজিনা ইসলামের জামিন শুনানি শেষে রোববার (২৩ মে) আদেশের দিন ধার্য করেন আদালত।

গত মঙ্গলবার (১৮ মে) দুপুরে অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ জসিম এ নির্দেশ দেন।

এর আগে রোজিনার বিরুদ্ধে করা স্বাস্থ্যসেবা বিভাগের করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলা ডিবিতে স্থানান্তর করা হয় বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক।

প্রসঙ্গত, সচিবালয়ে অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর শাহবাগ থানা পুলিশে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (১৭ মে) রাত সাড়ে ৮টার পরে শাহবাগ থানা পুলিশের একটি টিম সচিবালয় থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে যায়। রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব সিব্বির আহমেদ ওসমানী লিখিত অভিযোগ দায়ের করেন।

Loading