৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২১
শিরোনাম:

ঘূর্ণিঝড় ইয়াস: ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে ট্রল

ভারতের উড়িষ্যা উপকূলের উপর দিয়ে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এমন পরিস্থিতিতে দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।

Thank you for reading this post, don't forget to subscribe!

যেসব নিয়ে হাস্যরসে মেতে উঠেছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে ট্রলও হচ্ছে। নেটিজেনরা বলছেন, ঘূর্ণিঝড়ের মতো এমন গম্ভীর বিষয়ে এমন দুর্বল প্রতিবেদন অপ্রত্যাশিত।
বুধবার (২৬ মে) সকাল থেকেই উড়িষ্যার বিভিন্ন উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ‘ইয়াস’। সাগরের পানির জোয়ারে ইতোমধ্যে তলিয়ে গেছে দিঘা ও মান্দারমণিসহ বেশ কয়েকটি অঞ্চল।

এসব এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা লাইভ আপডেট দিয়ে আসছেন। তবে নিউজ১৮ বাংলা এবং জিনিউজ এর দুইটি লাইভ আপডেট নিয়ে মেতে আছেন নেটিজেনরা।

নিউজ১৮বাংলা এর প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ি তার লাইভে দেখান যে, সিভিল ডিফেন্স এর দুই জন সদস্য সাঁতার কেটে স্থানীয় বাসিন্দাদের উদ্ধারের জন্য যাচ্ছেন। অথচ প্রতিবেদক ভেঙ্কটেশ্বরসহ স্থানীয় অনেকেই একই স্থানে হাঁটু পানিতে দাঁড়ানো অবস্থায় ছিলেন। অর্থ্যাৎ যে স্থানে প্রতিবেদকসহ অন্যরা দাঁড়িয়ে থাকতে পারছেন সেখানে সিভিল ডিফেন্স এর ওই দুই সদস্য সাঁতার কাটছেন।

ওই দুই সদস্যের পরিচয় এখনও জানা না গেলেও তাদের একজন নারী ও অপরজন পুরুষ। তাদের সাক্ষাৎকারও নিয়েছেন প্রতিবেদক ভেঙ্কটেশ্বর। সেখানে ও নারী উদ্ধারকর্মী জানান, স্থানীয় বাসিন্দাদের উদ্ধার করতে তারা সাঁতার কেটে এগিয়ে যাচ্ছেন। যতবেশি সম্ভব মানুষদের উদ্ধার করতে চেষ্টা করবেন তারা।

অবশ্য এসময় উদ্ধারকর্মীদের কারও শরীরেই কোনো ধরনের ইউনিফর্ম বা লাইফ জ্যাকেট দেখা যায়নি।

জিনিউজের এক প্রতিবেদনে দেখা যায়, স্থানীয়দের হাতে মাছ আর নিজের বাহুতে ব্যাঙ রেখে লাইভ পিটিসি দিচ্ছেন প্রসেনজিত সরকার নামের একজন প্রতিবেদক। মাছ ও ব্যাঙগুলোকে বাঁচাতে পানি থেকে তাদের উঠিয়ে রেখেছেন বলেও জানান তিনি। অথচ মাছ পানিতেই বাস করে আবার ব্যাঙ উভচর প্রাণী।

ভারতের গণমাধ্যমে প্রচারিত এমন সংবাদ নিয়ে ট্রল করছেন নেটিজেনরা।

অনেকেই বলছেন, বিষয়টিকে অতিরঞ্জিত করতেই এবং টেলিভিশনের টিআরপি বাড়াতে প্রতিবেদকরা এমনভাবে সাজিয়েছেন ভিডিওগুলো।

আবার অনেকেই এসব কাণ্ডকে ‘কাণ্ডজ্ঞানহীন ও অপেশাদার সাংবাদিকতা’ হিসেবে উল্লেখ করছেন।

সাইবার ৭১ নামের একটি ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও দুইটি আপলোড করা হলে নানা মন্তব্য করতে থাকেন নেটিজেনরা।

নিউজ১৮বাংলার প্রতিবেদন দেখে রাকিবুল ইসলাম নামের একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখেন, সাইক্লোনটা শেষ হলে এদের একটু দেখবেন ম্যাডাম।

জিনিউজের ভিডিওতে রিমন আকাশ নামের একজন লেখেন, পানিতে মাছ মরে যাবে তাই সবাই মাছ হাতে নিয়ে দাঁড়ায়ে আছে।

Loading