৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৮
শিরোনাম:

রাজধানীতে এলএসডিসহ আরও ৫ জন গ্রেপ্তার

রাজধানীতে লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইডসহ (এলএসডি) পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আ. আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি জানান, রাজধানীতে অভিযান চালিয়ে এলএসডিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) পল্টন থানায় আজ রোববার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে রাজধানীর একটি বাসা থেকে এলএসডিসহ বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী সাদমান সাকিব রূপল ও আসহাব ওয়াদুদ তূর্য এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আদিন আশরাফ।

আজ ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চুয়াল আদালত শুনানি শেষে তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার ওই তিন আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আজ রোববার (৩০) রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

গত বুধবার রাতে এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় তাদের কাছ থেকে ২০০টি এলএসডির ব্লট জব্দ করা হয়। এ ঘটনায় ডিএমপি’র ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

Loading