২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩২
শিরোনাম:

মিরপুরের জলাবদ্ধতার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষকে দায়ী করলেন মেয়র আতিক

মেট্রো রেলের চলমান প্রকল্পের অবহেলার কারণে ড্রেন পরিষ্কার না থাকায় রাজধানীর মিরপুর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। বুধবার (১৬ জুন) সকালে মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার রাস্তা পরিদর্শন করে তিনি আগামী এক সপ্তাহের মধ্যে ড্রেন পরিষ্কারের নির্দেশ দেন। তবে, মেট্রোরেল কর্তৃপক্ষের দাবি, প্রকল্প শুরু হওয়ার আগে থেকেই মিরপুরে এ জলাবদ্ধতার সমস্যা। বৃষ্টি হলেই নগরীর রাস্তায় কোথাও হাঁটু কোথাও বা কোমর সমান পানি। এমন জলাবদ্ধতার চিত্র মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকার।

Thank you for reading this post, don't forget to subscribe!

জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি করপোরেশন ১০৩টি স্থানকে চিহ্নিত করেছে। এর মধ্যে ৬টি হটস্পটের কাজীপাড়া এলাকায় বুধবার সকালে পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। মেট্রোরেল প্রকল্পের কাজের কারণে বৃষ্টি হলে এসব এলাকার ড্রেন দিয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। আর এ কারণে ড্রেনগুলোর ওপর বসানো স্ল্যাব সরিয়ে ফেলা হয়। এসময় মেট্রোরেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়ী করে ড্রেন ও রাস্তা পরিষ্কার রাখার নির্দেশ দেন মেয়র।

তবে মেয়রের বক্তব্যের সঙ্গে একমত নন মেট্রোরেল প্রকল্পের অতিরিক্ত পরিচালক। মিরপুরে জলাবদ্ধতা অনেক পুরানো সমস্যা বলেও জানান তিনি। জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সময় নগর কর্তৃপক্ষের নানা আশ্বাস ও প্রতিশ্রতি দিলেও ওয়াসা, তিতাসসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ের অভাবে জলজট সমস্যার নিরসন হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Loading