২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৯
শিরোনাম:

তিন আসনে ১০ জনের মনোনয়নপত্র বৈধ

ঢাকা, সিলেট, কুমিল্লার সংসদীয় আসনের উপ-নির্বাচনে প্রার্থী ইচ্ছুক মোট ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে; বাতিল হয়েছে ৪ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (১৭ জুন) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাই করেন। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে সংশ্লিষ্টদের।

এ উপ-নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশ কংগ্রেস, বিএনএফ অংশ নিচ্ছে। বিএনপি অংশ না নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল। তবে সিলেটে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল তাকে কারণ দর্শানো নোটিশও দিয়েছে।

ঢাকা-১৪

এ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহ জালাল জানান, বাছাইয়ের পর এই আসনের বৈধ প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগের আগা খান মিন্টু, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাসদের মো. আবু হানিফ, বিএনএফের এ ওয়াই এম কামরুল ইসলাম।

বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান ও এম রুহুল আমীন সরকারের মনোনয়নপত্র।

সিলেট-৩

এই উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, বাছাইয়ে দুই জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে আর বৈধ প্রার্থী রয়েছেন চার জন।

আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।বিএনপি নেতা শফি চৌধুরী দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে প্রার্থী হওয়ায় তাকে শোকজ করেছে দল। এই আসনে বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা হোসেন ও সেখ জাহিদুর রহমান মাসুমের মনোনয়নপত্র।

কুমিল্লা-৫

এই আসন থেকে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রিটার্নিং অফিসার কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, বাছাইয়ে দুই দলীয় প্রার্থীই বৈধ হয়েছেন। এরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসেম খান ও জাতীয় পার্টির মো. জসিম উদ্দিন।

Loading