২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৫
শিরোনাম:

ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করবো: আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪ নম্বর অঞ্চলের ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডসমূহ অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এসকল ওয়ার্ডের রাস্তাঘাটসমূহ এতটাই অপ্রশস্ত যে, বিপদকালীন সময়ে জরুরি এম্বুলেন্সও প্রবেশ করতে পারত না। এমনকি এই এলাকার বাড়ি-ঘর থেকে মৃতদেহ বাহিরে বের করাটাও খুবই কঠিন ছিল।

প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, মাটি ও মানুষ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ, এই সম্পদকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে।

মন্ত্রী তাজুল ইসলাম আরো বলেন, বিশেষজ্ঞদের মতে ২০২০ সালে ঢাকা মহানগরীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২০১৯ সালের তুলনায় ৩ গুণ হওয়ার কথা থাকলেও ডিএনসিসির মেয়রের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় তা মোকাবেলা করা সম্ভব হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিলনা বললেই চলে।

বৃহস্পতিবার কাফরুল থানায় ইব্রাহীমপুরে এডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলে স্থানীয় জনগণের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা প্রশস্থকরণ কার্যক্রম পরিদর্শন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রশস্থ রাস্তার গুরুত্ব অনুধাবন করেই এই এলাকার সাধারণ জনগণ একত্রিত হয়ে ভলান্টিয়ার হিসেবে এগিয়ে আসায় এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এলাকার অপ্রশস্থ রাস্তাসমূহ প্রশস্থ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, এই এলাকার বাড়ির মালিকগণ তথা ভলান্টিয়াররা স্বেচ্ছায় মোট ২৭টি রাস্তায় বা রাস্তার অংশসমূহে প্রায় ১০ কিলোমিটার রাস্তা প্রশস্থকরণ করতে গিয়ে অনেককে নিজেদের মূল্যবান স্থাপনার আংশিক ভাঙতে হয়েছে, মূল্যবান জমিও ছাড়তে হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, সাধারণ জনগণের অসাধারণ ক্ষমতাবলে স্বেচ্ছায় ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডের রাস্তা সমূহের প্রশস্থকরণের কাজ করা হয়েছে। এই কাজ করতে গিয়ে ঢাকা উত্তরে সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হয়েছে। এসকল রাস্তাসমূহ প্রশস্থ করতে গেলে জমি অধিগ্রহণ করতে হতো, অনেক টাকাও খরচ করতে হতো।

এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও জনকল্যাণকর কাজ অব্যাহত রাখায় স্থানীয় সরকার তাজুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের প্রশংসা করেন। আলোচনা সভা শেষে ডিএনসিসির মেয়র স্থানীয় কাউন্সিলরদের নিয়ে সাধারণ জনগণের উদ্যোগে স্বেচ্ছায় প্রশস্থ করা বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Loading