ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাচনে দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় গুলিতে এক সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরফকিরা কো-ইড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!নিহত ব্যক্তির নাম মনির হোসেন (২৫)। তিনি হাজারীগঞ্জ ৫নং ওয়ার্ডের বশির উল্লাহর ছেলে। শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কেন্দ্রের বাইরে ভোট চাওয়া নিয়ে ফুটবল প্রতীকের মেম্বারপ্রার্থী ইয়াসিন মাঝি ও টিউবওয়েল প্রতীকের মেম্বারপ্রার্থী ইউসুফ সিকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি ছররা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মনিরের মৃত্যু হয়।
চরফ্যাশন উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সুভন বসাক জানান, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন এবং নারীও শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন । পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড গুলি চালিয়েছে। তবে পুলিশের গুলিতে কেউ নিহত হয়নি।
![]()