২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১২
শিরোনাম:

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

ছিনতাইয়ের প্রস্তুতির সময় রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং চাঁন-জাদু গ্রুপ এবং ব্যান্ডেজ গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগ। বুধবার (২৩ জুন) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার আ. আহাদ জানান, মঙ্গলবার (২২ জুন) মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চান-জাদু গ্রুপের প্রধান যাদু। একই গ্রুপের অন্য দুই সদস্য হলো, রবিন ও নয়ন ইসলাম শুভ। এ ছাড়া ব্যান্ডেজ গ্রুপের দুই সদস্য হিরা ও রিপন। উপপুলিশ কমিশনার আ. আহাদ বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় মদিনাবাগ, ওয়াসা রোডে মাদক সেবন করে এবং মান্ডাসহ আশপাশ এলাকায় দল বেঁধে চলাফেরা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করত। কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন স্থানে তাদের নির্দিষ্ট গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিতে লিপ্ত হয়। তারা স্মার্ট ফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে থাকে। এসব কিশোর রাস্তায় চলাচলরত নারীদের উত্ত্যক্ত করে ইভটিজিংয়ের মতো অপরাধমূলক কার্যকলাপ করে থাকে। এ ছাড়া বিভিন্ন অনলাইন গেমের নামে সমবয়সী কিশোরদের সংঘবদ্ধ করে জুয়া খেলতে উৎসাহ প্রদান করে। এ ধরনের কিশোর গ্যাংয়ের সদস্যরা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত হয়। মতিঝিল এলাকায় চান-জাদু গ্রুপ ও ব্যান্ডেজ গ্রুপের ৩২ জন সদস্য রয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের কোনো রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে দাবি করেন আ. আহাদ।এ সময় কিশোর গ্যাংয়ের নেপথ্যে থাকা পৃষ্ঠপোষকদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও জানান মতিঝিল বিভাগের উপকমিশনার। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মুগদা থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Loading