২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২০
শিরোনাম:

সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

অক্সিজেনের অভাবে মানুষ মারা যাওয়ায় জাতীয় সংসদে আবারও তোপের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় মন্ত্রীকে লজ্জাহীন উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন বিরোধীদলের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (৩ জুলাই) সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে স্পিকার শিরীন শারমীন চৌধুরী সভাপতিত্ব অধিবেশন শুরু হয়। পরে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংসদ সদস্যরা মন্ত্রী ও মন্ত্রণালয়ের সমালোচনা করেন। জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নু স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, ‘উনি যে কী মানুষ? লজ্জা-শরম নেই। তিনি এক দিনও কোনো হাসপাতালের ভেতরে গিয়ে দেখেননি কী হচ্ছে। তিনি শুধু জুম মিটিং করেন।’

এর আগে, পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অক্সিজেন সংকটের কথা প্রথম তোলেন বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজ। তিনি বলেন, অক্সিজেনের অভাবে বগুড়ায় ২ দিনে ২৪ জন মারা গেছে। কোভিডের জন্য নির্ধারিত মোহাম্মদ আলী হাসপাতালে আইসিইউ বেড আছে আটটি। কিন্তু হাই ফ্লো নাজাল ক্যানুলা আছে মাত্র দুটি। ফলে বাকি আইসিইউ বেড কোনো কাজেই লাগছে না।

বিরোধীদলের উপনেতা জি এম কাদেরও শুরুতেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অব্যবস্থাপনার কথা তুলে ধরেন। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এক বছর আগে যে অবস্থায় ছিল, এখনো সেখানেই আছে। কোনো উন্নতি হয়নি। এমনকি তার নিজ এলাকার হাসপাতালের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য দেওয়া চিঠিরও কোনো কাজ বাস্তবায়ন হয়নি বলে জানান জি এম কাদের।

স্বাস্থ্যমন্ত্রী ফোন ধরেন না জানিয়ে জি এম কাদের বলেন, স্বাস্থ্যমন্ত্রীকে ছয়-সাতবার ফোন দিলেও ধরেননি। মন্ত্রীর সহকারীদের ফোন করার পর মন্ত্রীকে জানানোর কথা বলি। কিন্তু মন্ত্রী ফোন করেন না।
পরে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘সাতক্ষীরায় অক্সিজেনের অভাবে এক ঘণ্টায় সাতজন ছটফট করে মারা গেলেন। নার্স, ওয়ার্ডবয় ও চিকিৎসকেরা কী করলেন? আইসিইউ, এসডিইউতে রোগী গেলে কোনো চিকিৎসা হয় না। সেখানে কী হয়, কেউ জানে না। মানুষের কি কোনো দাম নেই?’ বিষয়টি তদন্ত কমিটি করে এর প্রতিবেদন প্রকাশ করার দাবি জানান জাপার এই এমপি।

Loading