২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৯
শিরোনাম:

দূরপাল্লার বাস ছাড়ার প্রস্তুতি চলছে

ঈদুল আজহা সামনে রেখে দীর্ঘ বিরতি ভেঙে বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে চালু হবে ঢাকা থেকে দূরপাল্লার গাড়ি চলাচল। সকাল থেকেই ধোয়ামোছাসহ সব প্রস্তুতি সারছেন পরিবহন শ্রমিকরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

চাকা বদলানো ও ইঞ্জিন চালু করেও চলছে পরীক্ষা-নিরীক্ষা। তিন সপ্তাহ বন্ধ থাকার পর কোরবানি ঈদ সামনে রেখে মধ্যরাত থেকেই ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস চলাচল শুরুর প্রস্তুতিতেই ব্যস্ত পরিবহন শ্রমিকরা। ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ শুরু হবে। করোনা সংক্রমণের বাস্তবতা বিবেচনায় সরকার ঈদ উপলক্ষে যে ৮ দিন দূরপাল্লার বাস চলাচলের সুযোগ দিয়েছেন তা স্বাস্থ্যবিধি মেনেই পরিচালিত হবে বলে জানান পরিবহন মালিকরা। স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে বাস চলবে বলে জানিয়েছেন তারা। এদিকে কমলাপুর স্টেশনেও বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর থেকে ট্রেন চলাচলের প্রস্তুতি হিসেবে চলছে পরিষ্কার করার কাজ। তবে অনলাইনে ঈদ যাত্রার টিকিট না পেয়ে অনেকেই আসছেন স্টেশনে। স্টেশন মাস্টার বলছেন সার্ভার জটিলতার দায় সংশ্লিষ্ট কোম্পানির।

এবার সব যাত্রীকে আগে থেকে অনলাইনে টিকিট কাটতে হবে। ট্রেন যাত্রার আগে থার্মাল স্ক্যানারে তাপমাত্রা পরীক্ষা করাসহ স্বাস্থ্যবিধি মানতে তৎপরতা থাকবে বলে জানিয়েছে রেলবিভাগ। মঙ্গলবার (১৩ জুলাই) থেকে টিকিট বিক্রির কথা থাকলেও সার্ভারজনিত সমস্যার কারণে বুধবার (১৪ জুলাই) থেকে বিক্রি শুরু হয়েছে। ঈদকে সামনে রেখে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৫ জুলাই মধ্যরাত থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল থাকবে। জনসাধারণের যাতায়াত, ঈদ-পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ে জনসাধারণকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এই আট দিনে স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলবে। একই সঙ্গে সীমিত পরিসরে খুলবে দোকানপাট ও শপিংমল। প্রসঙ্গত, আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।।

Loading