করোনায় মৃত্যু যেন লাফিয়ে বাড়ছে। ২৪ ঘণ্টার ব্যবধানে দুইশ’র ঘর পেরিয়ে গেছে প্রাণহানি। আর লাগামহীনভাবে ছুটছে করোনা শনাক্তের সংখ্যাও। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। একদিনে মৃতের সংখ্যা ২২৮ জনে ঠেকেছে। যা গতকালকেও ছিল দুইশ’র নিচে। এখন পর্যন্ত দেশে মোট মৃত ১৯ হাজার ২৭৪ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ২৯১ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জনে। রোববার (২৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ।
এর আগে, গতকাল শনিবার (২৪ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৫ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৬ হাজার ৭৮০ জন।
এছাড়া সোমবার (১৯ জুলাই) দেশে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয় ১৩ হাজার ৩২১ জনের। তারও আগে ১১ জুলাই দেশে ২৩০ জন মারা যান। যা দ্বিতীয় সর্বোচ্চ। এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ৮ হাজার ১৮২ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ৩৫৮ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪১ লাখ ৬৭ হাজার ৯২৫ এবং আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৬৪ লাখ ৪৯ হাজার ৯৩৯ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫১ লাখ ৮৪ হাজার ৬৪৭ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২৬ হাজার ৭১২ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৩ লাখ ৭১ হাজার ৪৮৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫৮৫ জনের। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৫৩৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৯ হাজার ৫০০ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ২ হাজার ৪৬৯ জন। মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৯৫ জন। এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫৯ লাখ ৭৮ হাজার ৬৯৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ১১ হাজার ৬১৬ জন। আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, কলম্বিয়া নবম ও ইতালি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
![]()