২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৩
শিরোনাম:

স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি করে চেক দিয়ে চার লাখ টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগে ঝালকাঠির নলছিটি পৌরসভার ক্যাশিয়ার রেখা বেগম ও তার স্বামী ইলেক্ট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজনকে (টুলু) গ্রেপ্তার করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে আদালতে তোলা হয় ওই দম্পতিকে। এর আগে পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খানের করা মামলায় সোমবার (২৭ জুলাই) রাতে ওই দম্পতিকে পৌরসভা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলায় পৌরসভার ঠিকাদার এবিএম জাহিদুল ইসলামকেও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আসামি করা হয়েছে। তবে তিনি পলাতক রয়েছেন। মামলা ও পৌরসভা সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান ও সচিব আবু হেনা মোহম্মদ রাশেদ ইকবালের স্বাক্ষর জাল করে ৪ লাখ টাকার একটি চেক নলছিটি সোনালী ব্যাংকে জমা করেন পৌরসভার ইলেক্ট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন।

তবে চেকটিতে স্বাক্ষর দেখে ব্যাংকের ম্যানেজারের সন্দেহ হয়। তিনি দুপুর আড়াইটার দিকে পৌরসভার মেয়রকে ফোন করে চেকের বিষয়টি জানতে চান। তখন মেয়র জানান এই চেকে তিনি স্বাক্ষর করেননি। এ সময় মেয়র পৌরসভার ক্যাশিয়ার রেখা বেগম ও তার স্বামী ইলেক্ট্রিশিয়ান সিরাজুলকে পৌরসভায় ডেকে আনেন। সেখানে চেকের পাতাগুলো উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়।

ওই দিন সন্ধ্যার পর ক্যাশিয়ার রেখা বেগম ও তার স্বামী পৌরসভার ইলেক্ট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজনকে (টুলু) পুলিশের হাতে তুলে দেয় পৌর কর্তৃপক্ষ। পরে পৌর মেয়র ওয়াহেদ কবির খান বাদী হয়ে টুলু ও রেখা বেগম, মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী পৌর এলাকার সারদল গ্রামের নুর মোহম্মদের ছেলে এবিএম জাহিদুল ইসলামের নামে চেক জালিয়াতির মামলা দায়ের করেন। নলছিটি থানার তদন্ত ওসি মাহামুদ হাসান জানান, আটক দম্পতিকে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি ঠিকাদার জাহিদুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

Loading