২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫২
শিরোনাম:

কবর থেকে কঙ্কাল চুরির সময় হাতেনাতে আটক যুবক

গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার নাম মো. জাকির হোসেন (৩৫)।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১০ আগস্ট) ভোরে উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের বাসিন্দারা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।

তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লোহাজুড়ি গ্রামের মো. কাশেম আলীর ছেলে। জাকির গাজীপুরের ওমেগা সোয়েটার লিমিটেড নামে একটি পোশাক কারখানায় চাকরি করেন। এ জন্য তিনি চন্নাপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

জাকিরকে আটকের সময় তার সঙ্গে থাকা দুই সহযোগী পালিয়ে গেছেন। জাকিরের দেওয়া তথ্য মতে, পালিয়ে যাওয়া অপর দুজন হলেন- মো. রাজন ও মো. মজনু। তারা তিনজন একই বাড়িতে ভাড়া থাকতেন।

৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হাবিবুল্লাহ বলেন, গ্রামের গনি হাজির বাড়ির পারিবারিক গোরস্থান থেকে ভোরে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। ভোর ৪টার দিকে স্থানীয় নাজমুল ও রবি নামের দুই ব্যক্তি বাড়ির বাইরে বের হন। তারা অপরিচিত তিন ব্যক্তিকে কবরস্থানের পাশে বস্তা হাতে দেখতে পান। পরিচয় জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে দুজন দৌড়ে পালিয়ে যান। এ সময় জাকিরকে ধরে ফেলেন। পরে তার কাছে থাকা একটি বস্তার ভেতর থেকে দুটি কঙ্কাল খুঁজে পাওয়া যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাকিরকে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানান, আটকের পর জাকিরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় জাকির স্বীকার করেন, তিনি ও তার কয়েকজন সহযোগী মিলে দীর্ঘদিন ধরেই কঙ্কাল চুরি করে ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। চন্নাপাড়া গ্রাম ছাড়াও আনসার রোড এলাকা থেকেও তারা বেশ কয়েকটি কঙ্কাল চুরি করেছেন। একেকটি কঙ্কাল তারা ১০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করতেন বলে জানিয়েছেন জাকির। কঙ্কাল দুটি উদ্ধারের পর সংশ্লিষ্ট কবরে রেখে দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, কঙ্কাল চুরির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

 

Loading