আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের দখলে যাওয়ার পর থেকেই দেশ ছাড়ার হিড়িক পড়ে গেছে। তাই একমাত্র মাধ্যম বিমানবন্দরেই ভিড় করছেন আফগানরা। মরিয়া হয়ে চেষ্টা করছেন বিমানে ওঠার। ফলে তুমুল হুড়োহুড়ির একপর্যায়ে সেখানে গোলাগুলির ঘটনাও ঘটেছে। এতে মৃত্যু হয়েছে অন্তত পাঁচজনের।
Thank you for reading this post, don't forget to subscribe!তবে এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে চলন্ত বিমান থেকে নিচে পড়ে। কেউ কেউ বলছেন, বিমানের চাকা ধরে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু বিমানটি উড্ডয়নের পর মাঝ আকাশ থেকে পড়ে তাদের মৃত্যু হয়।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, আজ সোমবার বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। অন্তত পাঁচজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে, একটি বিমান থেকে তিনজনের খসে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়ে আছে একটি সামরিক পরিবহন বিমান। সেটিতে ওঠার জন্য হুড়োহুড়ি করছেন শত শত মানুষ। যে যেভাবে পারছেন বিমানে ওঠার চেষ্টা করছেন। এর মধ্যে বিমানটি ছেড়ে যায়। এ সময় বিমানের সঙ্গে সঙ্গে অনেককে দৌড়াতেও দেখা যায়। এভাবে চলার পর বিমানটি রানওয়ে ছেড়ে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিমানটি থেকে অন্তত তিনজনকে মাটিতে পড়তে দেখা যায়।
এদিকে, কাবুল থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রসহ সব পশ্চিমা দেশ। যুক্তরাষ্ট্রের সেনারা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। সোমবার সকালের দিকে ভিড় সরাতে মার্কিন সেনারা আকাশে ফাঁকা গুলি ছুড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লাইটগুলোতে দূতাবাস কর্মী ও অন্য আমেরিকানদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর এতে করে অন্যদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। বিশেষ করে যেসব আফগান বিদেশিদের হয়ে কাজ করেছেন। এর ফলে সেখানে আরও বিশৃঙ্খলা এবং বিভ্রান্তি তৈরি হয়েছে।
![]()