সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম বলেছেন, কাদের ভাই আপনি প্রতিদিন প্রেস ব্রিফিং করেন, একদিনও নোয়াখালীর খবর রাখছেন? কেন নোয়াখালীতে ১৫ আগস্টে তিনটি গ্রুপ হয়, বসুরহাটে দুটি গ্রুপ হয়। কোনও খবর রাখছেন, রাখেন নাই তো। আমার মনে হয় প্রয়োজনও মনে করেন না।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, আমি ওবায়দুল কাদের সাহেবকে অনুরোধ করব- বিএনপিকে দোষারোপ করে প্রতিদিন প্রেস ব্রিফিং করেন, এগুলো খেমা (বন্ধ) দেন, নিজের দলটা ঠিক করেন। প্রত্যেক উপজেলা থেকে ২০ জন করে ডেকে আপনি সমস্যা সমাধান করে দিতে পারেন। কিন্তু তা না করে বসে বসে তামাশা দেখছেন। এই অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে একবারও চিন্তা করেছেন?
শনিবার বিকালে ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে নোয়াখালী জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নোয়াখালী শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তার দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়।
নেতাকর্মীদের উদ্দেশে খায়রুল আনম চৌধুরী বলেন, একে-অপরকে চ্যালেঞ্জ না করে সবাই সহনশীল হন। এভাবে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ লাভবান হবেন না। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে জয় নিশ্চিত।
তিনি বলেন, ২১ আগস্ট দুর্যোগের দিন। এই দিনে বঙ্গবন্ধুকন্যাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। রাষ্ট্রীয় মদদে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের নির্দেশে গ্রেনেড হামলা হয়েছিল।
তিনি বলেন, এখন আওয়ামী লীগের যে অবস্থা দেখছি, তারেক জিয়া লাগবে না, বিএনপির প্রয়োজন নেই, আমাদের জন্য আমরাই যথেষ্ট। আওয়ামী লীগের মধ্যে একমাত্র খুঁটি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মনোভাব নিয়ে সবাই কাজ করলে আমাদের অস্তিত্ব টিকে থাকবে।
নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমিন বিএসসি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের।
![]()