২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৮
শিরোনাম:

দুই ঘণ্টার বৃষ্টিতেই পানির নিচে চট্টগ্রাম

জলাবদ্ধতার অভিশাপ থেকে যেন কোনোভাবেই মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর। ২ ঘণ্টার বৃষ্টিতে আবারও পানির নিচে তলিয়ে গেল পুরো নগরী।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২৫ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি সব জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। সেই সঙ্গে পুরো নগরীজুড়ে সৃষ্টি হয় যানজট।

জলাবদ্ধতার হাত থেকে রেহায় মেলেনি খোদ চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনও। টানা বৃষ্টিতে তার বাসার সামনেও দেখা দেয় জলাবদ্ধতা।

দুই ঘণ্টার বৃষ্টিতে নগরীর ষোলশহর, বহদ্দারহাট, রহমতগঞ্জ, আগ্রাবাদ, কাপাসগোলাসহ অধিকাংশ এলাকায় কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমরপানি। সেই সঙ্গে বাসাবাড়ি ও দোকানপাটেও ঢুকেছে পানি।

এ সময় ভ্যানে করে পানির মধ্যে দিয়ে চলাচল করতে দেখা যায় নগরবাসীকে। নালা-নর্দমাগুলো পরিষ্কার না করার কারণে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে অভিযোগ নগরবাসীর।

এদিকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত দুই ঘণ্টা টানা বৃষ্টি হয়েছে।

মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাত হচ্ছে জানিয়ে আরও দু-তিন দিন ভারি বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

Loading