৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৯
শিরোনাম:

দেশে করোনায় আরো ৭০ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ৪৩০ জন

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৫৬৩ জনে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রবিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮১৯ জনের নমুনা পরীক্ষা করা হলে ২ হাজার ৪৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে।

এর আগের দিন শনিবার দেশে করোনায় ৬১ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ৯ দশমিক ৮২ শতাংশ। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু বাড়লেও শনাক্তের হার কমেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৭০ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪০ জন ও মহিলা ৩০ জন। দুইজন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুইজন, সিলেট বিভাগে ছয়জন, রংপুর বিভাগে চারজন ও ময়মনসিংহে একজন মারা গেছেন।

Loading