৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩২
শিরোনাম:

ডেঙ্গুর বিস্তার রোধে দুই সিটিতে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। অভিযানে ডিএনসিসি এলাকায় ৩ মামলায় ১ লাখ ১০ হাজার টাকা এবং ডিএসসিসি এলাকায় ৬ মামলায় ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব অভিযান পরিচালনা করেন।

অভিযান প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, আজকের অভিযানে ডিএনসিসির ২ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৩টি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি বলেন, এ সময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সবাইকে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’ মানার পরামর্শ দেওয়া হয়।

আরেক অভিযান প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, আজ ডিএসসিসির আওতাধীন অঞ্চল ১, ২, ৩, ৭, ৮ ও ৯ এ ৬টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫৩টি নির্মাণাধীন স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় ৬ মামলায় ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অঞ্চল-১ এর ১৭ নং ওয়ার্ডে ৩০৩ স্থাপনা ও বাসাবাড়িতে চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

Loading